উত্তর কোরিয়ার তেলবাহী একটি জাহাজে হামলার হুঁশিয়ারি দিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী। লিবীয় সরকারের অভিযোগ, উত্তর কোরিয়ার পতাকাবাহী ওই জাহাজটি লিবিয়ার একটি বিতর্কিত এলাকা থেকে তেল কিনতে চাচ্ছে। এজন্যই লিবিয়া সরকারের এ হুমকি। খবর আলজাজিরার।
জানা গেছে, লিবিয়ার পূর্বাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর ত্রিপোলির কাছে উপকূলীয় এলাকায় জাহাজটি অবস্থান করছে। জাহাজটি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে তেল কিনতে চাচ্ছে।
তবে, জাহাজটিতে থাকা ক্রুরা জানিয়েছেন, একদল বন্দুকধারী তাদের জাহাজকে উপকূলে নোঙ্গর করতে বাধ্য করেছে। তারা জাহাজটিকে ছেড়ে দিতে দিচ্ছে না।
লিবিয়ার ন্যাশনাল অয়েল কোম্পানির মুখপাত্র মোহাম্মেদ আল-হারিরি জানিয়েছেন, জাহাজটি সাড়ে তিন লাখ ব্যারেল তেল ধারণ করতে পারে বলে জানা গেছে।
এদিকে, লিবিয়ার প্রধানমন্ত্রী আলী জেইদান জাহাজটিকে লিবিয়ার উপকূল ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, "সকল দলকেই লিবিয়ার সার্বভৌমত্বকে অবশ্যই সম্মানের চোখে দেখতে হবে। জাহাজটি যদি আমাদের এ নির্দেশ না মানে তাহলে তাতে হামলা করা হবে।" সূত্র: আলজাজিরা
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ [/b]