ইরান ও সৌদি আরবের কর্মকর্তারা ইয়েমেন সঙ্কট নিরসনে একটি বাস্তব পদক্ষেপ নেয়ার চিন্তা করছেন। সোমবার জাদেহ ইরান ওয়েবসাইট এমন সংবাদ প্রকাশ করেছে।

একটি গোপন কূটনীতিক সূত্রের বরাত দিয়ে জাদেহ ইরান ওয়েবসাইট বলেছে, ২১ সেপ্টেম্বর তারিখে বাগদাদ বিমানবন্দরে অনুষ্ঠিত বৈঠকে ইরান ও সৌদি আরবের কর্মকর্তারা একটি চুক্তি করেছেন।

ওই কূটনীতিক সূত্রটি নিজেদের নাম প্রকাশ না করার শর্তে বলেছে, দু’দেশের মধ্যে একটি খোলামেলা আলোচনা হয়েছে এবং এ বৈঠকের মাধ্যমে প্রত্যাশার চেয়েও অনেক বেশি কিছু অর্জিত হয়েছে। ইয়েমেন সঙ্কটের সমাধান নিয়ে শুধু তাত্ত্বিক কাঠামোগত আলোচনা হয়নি, কিভাবে বাস্তব অবস্থার প্রেক্ষিতে এ সমস্যার সমাধান হবে তা নিয়েও আলোচনা হয়েছে। ইয়েমেন সঙ্কটের সাথে সংশ্লিষ্ট এ দু’দেশের (সৌদি ও ইরান) কর্তৃপক্ষ সমস্যা সমধানে পরবর্তীতে কোন পদক্ষেপগুলো নেয়া হবে তা নিয়ে পরস্পরকে অবহিত করেছে।

ওই সূত্রটি আরো বলেছে, পরবর্তীতে আরো দ্বিপক্ষী আলোচনা আয়োজনে সম্মত হয়েছে দু’দেশ।

রোববার সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, ইরান ও সৌদি আরবের মধ্যে চতুর্থ দফায় আলোচনা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ক্ষমতা গ্রহণের পরই প্রথম দফায় এমন দ্বিপক্ষী আলোচনা হয়েছে। সূত্র : মিডল ইস্ট মনিটর।

এবিএস