‘জয় মাতা দি’ না বলায় তিন মাদরাসার ছাত্রকে বেধড়ক মারধর করেছে ‘উগ্র হিন্দুত্ববাদী’ যুবকেরা। মারধরে ১৮ বছরের ছাত্র মুহাম্মাদ দিলকাশের হাত ভেঙে গেছে।
ভারতের দিল্লিতে শনিবার ঘটনাটি ঘটেছে।
মারধরে জখম ওই ৩ ছাত্রের অভিযোগ, ওই দিন সন্ধ্যায় তারা কাছের একটি পার্কে গিয়েছিলেন। আচমকাই কয়েক জন যুবক তাদের উপরে চড়াও হন। তাদেরকে ‘জয় মাতা দি’ এবং ‘জয় ভারত’ স্লোগান দিতে বলেন। তাতে তারা রাজি হননি। এই নিয়ে দু’পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। তারপর আচমকাই ওই ৩ ছাত্রকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন তারা। অভিযুক্তেরা তাদের অপরিচিত।
প্রাথমিক তদন্তের পর পুলিশ অবশ্য জানিয়েছে, ওই ৩ ছাত্রের অভিযোগে ধোঁয়াশা রয়েছে।
কারণ, তারা প্রথমে অভিযোগে জানান যে তাদেরকে ‘জয় মাতা দি’ বলতে বলা হয়েছিল। তার পর বলেন, তাদেরকে ‘ভারত মাতা কি জয়’ বলতে বলা হয়েছিল। তা ছাড়া দু’পক্ষ একে-অপরের পরিচিত বলেও পুলিশের দাবি। ঘটনার দিন দু’পক্ষই ক্রিকেট খেলছিল পার্কে। খেলাকে কেন্দ্র করেও এই ঝামেলা হতে পারে, সন্দেহ পুলিশের।
এম অার





