ইউক্রেনকে সহায়তার জন্য দেশটিতে সমরাস্ত্র সরবারহের আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বিষয়ক সিনেট কমিটির প্রধান।
সিনেট কমিটির প্রধান রবার্ট মেনেনডেজ বলেছেন, ইউক্রেন যাতে আত্মরক্ষা করতে পারে, সেজন্য যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর উচিত দেশটিকে সমরাস্ত্রের যোগান দেয়া।
এই আহবান এমন এক সময়ে জানানো হলো, যখন এর কয়েক ঘণ্টা আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের স্বাধীনতার প্রশ্নে আলোচনা শুরুর তাগিদ দিয়েছেন। তিনি আরো বলেন, ইউক্রেন পরিস্থিতিকে এখন আর কেবলমাত্র বিদ্রোহীদের সাথে সংঘর্ষ বলে আখ্যা দেয়া যায়না, কারণ এখন সেখানে রাশিয়া তাদের সমর্থন ও অস্ত্র দেবার পাশাপাশি সরাসরি যুদ্ধেও অংশ নিচ্ছে।
এক টেলিভিশন সাক্ষাৎকারে মেনেনডেজ আরও বলেন, ইউক্রেন সরকারকে অস্ত্র দেয়ার মাধ্যমে দেশটিতে সম্ভাব্য রুশ আগ্রাসন ঠেকানো সম্ভব হবে। এর আগে রোববার লিথুনিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহবান জানান।
পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটির প্রধান মেনেনডেজ এই আহবান এমন এক সময়ে জানালেন, যখন কয়েক ঘণ্টা আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের স্বাধীনতার প্রশ্নে আলোচনা শুরুর তাগিদ দিয়েছেন।
ভ্লাদিমির পুতিন বলেছেন, বিষয়টি নিয়ে দ্রুত বাস্তবসম্মত আলোচনা শুরু করতে হবে। আর তা সেখানকার সমাজ ও রাজনৈতিক অবস্থা এবং পূর্ব ইউক্রেনের স্বাধীনতা নিয়েই করতে হবে। যাতে ঐ অঞ্চলে যারা বসবাস করছে তাদের বৈধ স্বার্থ রক্ষা হয়। তবে প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে আরেকটি স্বাধীন রাষ্ট্র গঠনের কথা বলেননি।
বিবিসির সংবাদদাতা বলছেন, মস্কো সামরিক অভিযান বন্ধ এবং বিদ্রোহীদের সঙ্গে আলোচনা শুরুর জন্য কিয়েভের ওপর চাপ অব্যাহত রাখতে চায়।
সোমবার বেলারুশে ইউক্রেন ও ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সংস্থা’র সাথে ইউক্রেন সংকট নিয়ে বৈঠক করবে রাশিয়া।
ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





