ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলার নিকটবর্তী সীমান্তবর্তী এলাকায় গ্রামবাসীর ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে একজনকে হত্যার পর বিএসএসের এক সদস্য আত্মহত্যা করেছেন। ওই বিএসএফ সদস্য মদ্যপ ছিলেন বলে অভিযোগ গ্রামবাসীর।
শুক্রবার সন্ধ্যায় আখাউড়া বন্দরের কাছের দক্ষিণ রামনগরে এ ঘটনা ঘটেছে।
গ্রামবাসী জানান, ইসমাইল মিয়া নামের এক বৃদ্ধ সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে একটি পুকুরে যেতে চাইলে বিএসএফ সদস্যরা তাকে বাধা দেন।
তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুনে অন্যরা এগিয়ে গেলে এক বিএসএফ সদস্য এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।
পরে ১৯৫ ব্যাটালিয়নের সন্দীপ নামের ওই বিএসএফ সদস্য নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন।
আহত নয় গ্রামবাসীকে জিবিপি পান্থ হাতপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক জনের খোঁজ মিলছে না বলে তাদের স্বজনরা অভিযোগ করেছেন।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজন বলে জিবিপি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।
গুলিতে নিহত ইসমাইল মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ।
[b]ঢাকা, ০৭ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস [/b]