বিশ্বের নানা দেশে যথাযোগ্য মর্যাদার সাথে আন্তর্জাতিক মে দিবস পালিত হচ্ছে৷ তবে তুরস্কে কঠোর নিরাপত্তার মধ্যে চলছে বিক্ষোভ৷ জাপান ও কম্বোডিয়াতেও ঘটেছে সংঘর্ষের ঘটনা৷
১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটের সামনে দৈনিক কাজের সময় আট ঘণ্টার দাবিতে হাজারো শ্রমিক জড়ো হয়েছিলেন৷ মার্কিন পুলিশ তাঁদের ঘিরে রাখে৷ এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে হঠাৎ বোমা ছোড়েন কেউ একজন৷ বোমা নিক্ষেপের ফলে কিছু পুলিশ হতাহতও হয়৷ এ সময় অন্যান্য পুলিশ শ্রমিকদের উপর অতর্কিত গুলিবর্ষণ শুরু করে৷ আর ১০-১২ জন নিরীহ শ্রমিক সেখানেই মারা যান৷ ১৮৮৯ সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত হয়৷ সেখানে ১৮৯০ সাল থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনে৷ ১৮৯১ সালে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়৷
তখন থেকেই বিশ্বের বিভিন্ন দেশের শ্রমজীবী মানুষ মে মাসের ১লা তারিখকে সরকারি ছুটির দিন হিসাবে পালনের দাবি জানায় এবং অনেক দেশে এটা কার্যকরও করা হয়৷
বৃহস্পতিবার জাপানের টোকিও শহরে হাজারো মানুষ মে দিবসের মিছিলে অংশ নেন৷ কর্ম পরিবেশের উন্নয়ন এবং প্রধানমন্ত্রী শিনজো আবে-র অর্থনৈতিক নীতির প্রতিবাদ জানান তাঁরা৷
কম্বোডিয়ার রাজধানী নমপেনে মে দিবসের শোভাযাত্রায় পুলিশ লাঠিচার্জ করেছে বলে জানা গেছে৷ শ্রমিকরা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করায় পুলিশ তাঁদের উপর হামলা চালায়৷ কম্বোডিয়ায় জানুয়ারি থেকে সব ধরনের বিক্ষোভ সমাবেশের উপর নিষেধাজ্ঞা রয়েছে৷ অন্তত এক হাজার শ্রমিক বৃহস্পতিবার ঐ শোভাযাত্রায় অংশ নেন৷ সূত্র: এএফপি, ডিডব্লিউ, রায়াটার্স।
[b]ঢাকা, ১ মে(টাইমনিউজবিডি) // টিআই
[/b]
আন্তর্জাতিক
মে দিবসে কয়েকটি দেশে বিক্ষোভ-সংঘর্ষ
বিশ্বের নানা দেশে যথাযোগ্য মর্যাদার সাথে আন্তর্জাতিক মে দিবস পালিত হচ্ছে৷ তবে তুরস্কে কঠোর নিরাপত্তার মধ্যে চলছে বিক্ষোভ৷ জাপান ও কম্বোডিয়াতেও ঘটেছে সংঘর্ষের ঘটনা





