চীন ছয় দশক আগে কোরীয় যুদ্ধে নিহত ৪০০'র বেশি চীনা সৈন্যের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, চলতি বছরের গোড়ার দিকে সিউল কোরীয় যুদ্ধে নিহত চীনের ৪৩৭ সৈন্যের মৃতদেহ সাবেক আদর্শিক বৈরী দেশটিকে ফেরত দেয়। এই ৪৩৭ সৈন্যের দেহাবশেষ চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় নগরী শেনইয়াংয়ের মার্টারস পার্কে বা শহীদ পার্কে সমাহিত করা হয়েছে।

সাবেক বৈরী দেশ দুটির মধ্যে সম্পর্কের ক্রমে উন্নতি ঘটায় মৃতদেহগুলো দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

সিনহুয়া আরো জানায়, শেষকৃত্য অনুষ্ঠানে নিহত সৈন্যদের সম্মানে ৯টি তোপধ্বনি করা হয়। ৮শ’র বেশি সরকারি কর্মকর্তা, প্রাক্তন সৈন্য ও নিহতদের আত্মীয়-স্বজন চীনের জাতীয় সংগীত গান।

প্রতিবেদনটিতে আরো বলা হয়, এ সময় স্মারক স্তম্ভের সামনে চীনের পতাকা দিয়ে মোড়ানো নয়টি কফিন সারিবদ্ধভাবে রাখা হয়।

কোরীয় যুদ্ধে অংশ গ্রহণকারী ৮৫ বছর বয়সী প্রাক্তন সৈনিক লু শোউহু বুধবারের অনুষ্ঠানে বলেন, যুদ্ধক্ষেত্রে তিনি তার নিহত এক কমরেডকে সমাহিত করার জন্য গর্ত খুঁড়েছিলেন।

তিনি আরো বলেন, ‘ওই সৈন্য যদি এই অজ্ঞাত পরিচয় শহীদদের মধ্যে থাকেন তবে আমি অবাক হব।’ ১৯৯২ সালে বেইজিং ও সিউলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

এসএমএ