তুরস্কের পশ্চিমে একটি কয়লা খনিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দুই শতাধিক শ্রমিক নিহত হয়েছেন।
খনিটিতে যখন দুর্ঘটনা ঘটে তখন এটির ভেতরে ৭৮০ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে।
খনির ভিতরে এখনো পর্যন্ত যে কয়েকশ’ শ্রমিক আটকা পরে আছে তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত ২০১ জন শ্রমিকের নিহতের খবর পাওয়া গেছে। এতে আরো ৩০০ জনেরও বেশি শ্রমিক ভিতরে আটকা পড়েছেন বলে জানা গেছে।
তুরস্কের মানিসা প্রদেশের সোমা শহরে এই খনিটিতে বিস্ফোরণের পরেই আগুন ধরে যায়।
ব্যক্তি মালিকানাধীন এই খনিটি রাজধানী আঙ্কারা থেকে ৪৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
দেশটির বিদ্যুৎ ও জ্বালানী বিষয়ক মন্ত্রী তানের ইলডিজ বলেছেন কার্বন মনোক্সাইডের বিষক্রিয়া এ হতাহতের কারণ হতে পারে।
তিনি বলেছেন সোমার খনিতে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে গেছে।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে সেখানে আটকে পরা শ্রমিকদের স্বজনরা কান্নায় ভেঙে পরছেন।
উদ্ধারকর্মীরা যাদেরকে বের করতে পারছে তাদের বেশির ভাগেরই হাঁটার ক্ষমতা নেই। তাদেরকে স্ট্রেচারে করে নেয়া হচ্ছে।
এ দুর্ঘটনার কারণে প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এঁর্দোগান তার আলবেনিয়া সফর বাতিল করেছেন। তার পরিবর্তে তিনি ঘটনাস্থলে যাবেন বলে জানা গেছে।
এর আগে ১৯৯২ সালে দেশটিতে সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনায় ২৭০ জন নিহত হয়েছিল।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]