ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি বুধবার দেশটির সমুদ্র বন্দর এডেনের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে পালিয়ে গেছেন। হুথি যোদ্ধারা এডেন শহরের দিকে এগিয়ে আসার পরিপ্রেক্ষিতে পালিয়ে যান তিনি।

দেশটির বিপ্লবী আনসারুল্লাহ বাহিনী রাজধানী সানার প্রেসিডেন্ট প্রাসাদ দখল করার পর গত জানুয়ারি মাসে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান। মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রী খালেদ বাহা পদত্যাগ করার কিছুক্ষণ পরই প্রেসিডেন্ট মানসুর হাদি ক্ষমতা ছাড়েন। তিনি ইয়েমেনের জাতীয় সংসদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

প্রেসিডেন্ট হাদির ভাষায়- দেশের 'ধ্বংসাত্মক ও জটিল রাজনৈতিক পরিস্থিতি'র মুখে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান। পরে রাজধানী সানা থেকে পালিয়ে এডেনে আশ্রয় নেন তিনি।
প্রেসিডেন্টের গার্ড বাহিনীর সূত্র থেকে আজ বলা হয়েছে, মানসুর হাদি হেলিপক্টারে করে পালিয়ে যান এবং এ সময়ে তার সঙ্গী ছিলেন সৌদি আরবের কয়েকজন কূটনীতিবিদ।

এদিকে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে হাদির পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন তার এক শীর্ষস্থানীয় সহযোগী। তিনি দাবি করেছেন, তাকে এডেনের একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

এছাড়া ইয়েমেনের শিয়া হুথি যোদ্ধারা দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী মাহমুদ আল-সুবাইহি’ লাহাজ প্রদেশের হুতা শহর থেকে আটক করেছে।

এদিকে, গতকাল অজ্ঞাত একটি জঙ্গিবিমান থেকে এডেনে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মানসুর হাদির প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। প্রেসিডেন্টের একজন নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, প্রাসাদ লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেগুলো প্রতিহত করা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা এডেনের প্রেসিডেন্ট প্রাসাদ এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখেছেন।

হুথি যোদ্ধারা এডেনে প্রবেশ করার পর শহরের আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তাগত কারণে সেখানে সব ধরনের বিমানের উড্ডয়ন ও অবতরণ বন্ধ করে দেয়া হয়েছে।

এর আগে বুধবার হুথি যোদ্ধাদের সহযোগিতায় ইয়েমেনের সেনাবাহিনী এডেন থেকে ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত আল-আনাদ বিমান ঘাঁটি দখল করে নেয়।
আনসারুল্লাহ বিপ্লবী বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, উগ্র জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা এবং সাবেক প্রেসিডেন্ট মানসুর হাদির বিরুদ্ধে তারা যুদ্ধ করছেন। হুথি যোদ্ধারা এ সংঘর্ষে সাধারণ মানুষের জানমালের নিশ্চয়তা দিচ্ছেন বলে তিনি জানান। সুত্র: আল-মাসিরা টিভি, প্রেসটিভি।

ইআর