সিরিয়ার কুনেইত্রা প্রদেশে পাইলটবিহীন বিমান বা ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত অংশের একটি গ্রামে চালানো এ আগ্রাসী হামলায় সিরিয়ার সরকারপন্থি দুই যোদ্ধা নিহত হয়েছেন।

লেবাননের আল-মানার টেলিভিশন আজ (বুধবার) জানিয়েছে, কুনেইত্রা প্রদেশের হাদের শহরে প্রবেশের মুখে একটি গাড়িতে হামলা চালায় ইহুদিবাদী ড্রোন। এতে সিরিয়ার ন্যাশনাল ডিফেন্স ফোর্সের দুই সদস্য নিহত হন।

তবে লন্ডনভিত্তিক কথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, ওই হামলায় মোট পাঁচ ব্যক্তি নিহত হয়েছে। এটি আরো দাবি করেছে, ইসরাইলি ড্রোন একটি গাড়িতে আঘাত করলে লেবাননের দুই হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়। নিহত অপর তিন ব্যক্তি সরকারপন্থি পপুলার কমিটির সদস্য।

ইহুদিবাদী ইসরাইল এখনো এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমির একাংশ দখল করে নেয় দখলদার ইহুদিবাদীরা। ওই মালভূমির ইসরাইল নিয়ন্ত্রিত এলাকা ও সিরিয়া নিয়ন্ত্রিত এলাকার সীমান্তে হাদের শহরটি অবস্থিত। সূত্র:আইআরআইবি

জেডআই