ইরানের রাজধানী তেহরানসহ সমগ্র ইরানে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র প্রতি অবমাননাকর কার্টুন প্রকাশের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ মিছিল করেছে। লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এইসব মিছিলে যোগ দিয়েছেন।

শুক্রবার তেহরানে জুমা নামাজ শেষে হাজার হাজার মুসল্লি বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র প্রতি অবমাননাকর কার্টুন প্রকাশের নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।

তারা ওই কার্টুন প্রকাশের জন্য ফ্রান্সের 'শার্লি হেবদো' পত্রিকাটি বন্ধ করে দেয়ার দাবি জানান এবং ইসলামের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা ও ফ্রান্সের নানা ষড়যন্ত্রের নিন্দা জানিয়ে শ্লোগান দেন।

তারা শ্লোগান দেন যে, 'লাব্বাইক ইয়া মুহাম্মাদ (হে মুহাম্মাদ-সা.! আমরা হাজির বা প্রস্তুত), আমেরিকা ধ্বংস হোক, ইসরাইল ধ্বংস হোক এবং খাইবার খাইবার ইয়া ইয়াহুদ জাইশু মুহাম্মাদ সাওফাইয়ায়ুদ'। অর্থাৎ, হে ইহুদিরা সাবধান! খাইবারের পরাজয়ের কথা স্মরণ কর, মুহাম্মাদ-সা.'র সেনারা শিগগিরই ফিরে আসছেন!

শেষোক্ত শ্লোগানটি মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরান, ইরাক, লেবানন ও সিরিয়া অঞ্চলে বেশ জনপ্রিয়।

উল্লেখ্য, ইসলামের বিরুদ্ধে বার বার ষড়যন্ত্রে লিপ্ত হওয়ায় বিশ্বনবী (সা.)'র নির্দেশে মুসলমানরা ইহুদিদের খাইবার দুর্গ অবরোধ করেছিল। প্রথম দিকে কয়েকজন সেনাপতির নেতৃত্বে যুদ্ধ জয়ে ব্যর্থ হওয়ার পর আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.)'র সেনাপতিত্বে মুসলিম সেনারা ওই দুর্গ দখল করতে সক্ষম হয় এবং ইহুদিরা শোচনীয়ভাবে পরাজিত হয়।-সূত্র:আইআরআইবি

জেডআই