ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের আরও একটি গুপ্তচর ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইরানসমর্থিত লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে ইসরায়েলের সীমান্তবর্তী দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ গ্রামে ওই ড্রোন ভূপাতিত করা হয় বলে এক বিবৃতিতে প্রকাশ করেছে হিজবুল্লাহ।

সংক্ষিপ্ত ওই বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরের দিকে হিজুবুল্লাহর ইসলামিক প্রতিরোধ বাহিনী দক্ষিণ লেবাননের আকাশে শত্রুপক্ষের একটি ড্রোনের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে করে সেটিতে আগুন লেগে যায়, এবং পরবর্তীতে নাবাতিয়েহ গ্রামে তা ভূপাতিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিও ফুটেজে নাবাতিয়েহর আকাশে একটি বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ে মারার চিত্র দেখা যায়। এ সময় একটি বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছে।

এদিকে ইসরায়েলি বাহিনী তাদের ড্রোন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করলেও, ড্রোনটি তা এড়িয়ে যেতে সক্ষম হয় বলে দাবি করেছে। এতে ড্রোনটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় তারা।

এম বিল্লাহ