ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মালয়েশিয়ায় সৌদি এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের আশঙ্কা করছে সৌদি আরব। ঢাকায় সৌদি দূতাবাস এ মর্মে আশঙ্কার তথ্য বাংলাদেশ সরকারকেও অবহিত করেছে।
ফলে বাংলাদেশ সরকারও সৌদি এয়ারলাইন্সের নিরাপত্তায় সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। যাত্রী ও লাগেজে তল্লাশি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘সৌদি এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের আশঙ্কা সংক্রান্ত একটি চিঠি আমাদের কাছে এসেছে।
এ চিঠিতে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মালয়েশিয়ার নাম উল্লেখ আছে। বাংলাদেশের কোনো নাম নেই। আমাদের বিষয়টি অবহিত করার জন্য এ চিঠি দিয়েছে।’
পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকও বাংলাদেশে সৌদি বিমান হামলার কোনো আশঙ্কার তথ্য নাকচ করে দিয়েছেন।
সচিব বলেন, ‘বাংলাদেশে সৌদি বিমান হামলার আশঙ্কার কোনো চিঠি সৌদি দূতাবাস দেয়নি।’
সংশ্লিষ্ট সূত্রমতে, ইরানের রেভুলেশনারি গার্ডের তত্ত্বাবধানে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মালয়েশিয়ায় সৌদি এয়ারলাইন্সের যে কোনো বিমান ছিনতাই কিংবা এতে বোমা হামলার আশঙ্কার কথা সৌদি দূতাবাসের চিঠিতে উল্লেখ করা হয়।
২৪ জানুয়ারি ঢাকায় সৌদি দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে লেখা এক চিঠিতে (নোট ভারবাল) এমন আশঙ্কার কথা জানিয়েছে। সৌদি দূতাবাসের চিঠির কপি ৩১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জানা গেছে, এ চিঠি পাওয়ার পর মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। সৌদি এয়ারলাইন্সের যাত্রী ও তাদের লাগেজের ওপর কার্যকর তল্লাশি ব্যবস্থা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
ওএফ





