সৌদি আরবের কাছে ৫০ কোটি ডলারের বোমা বিক্রির একটি প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন সিনেট। বিমান থেকে মাটির লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এসব বোমা ইয়েমেনে যুদ্ধ চালাতে সৌদি আরবের রয়্যাল এয়ার ফোর্স ব্যবহার করবে। 

কেন্টাকির রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পল এবং কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করে একটি প্রস্তাব আনেন। এটি ৫৩-৪৭ ভোটে পরাজিত হয়। পাঁচজন ডেমোক্র্যাট সিনেটর রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়েছেন এবং চারজন রিপাবলিকান সেনেটর এই অস্ত্র বিক্রির বিরুদ্ধে ভোট দিয়েছেন।

এই প্রসঙ্গে সিনেটর পল বলেন, ‘আমরা আরব দুনিয়ার এক অস্ত্রবাজ প্রজন্ম গড়ে তুলছি।’ সিনেটে হওয়া এক বিতর্কে তিনি আরো বলেন, ‘ইয়েমেনে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সেখানে ছড়িয়ে পড়েছে কলেরা। অন্যদিকে, সৌদি আরব নিজ জনগণের মানবাধিকার হরণ করছে। এই অবস্থায় আমরা ট্রাম্পের অস্ত্র বিক্রির সিদ্ধান্তকে সমর্থন করতে পারি না।’

২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। ওই সময় শিয়া হাউছি বিদ্রোহী ও তাদের মিত্ররা দেশটির প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহকে হটিয়ে রাজধানী সানাসহ বেশ কিছু এলাকা দখল করে নেয়। প্রেসিডেন্ট সালেহকে নির্বাসনে যেতে বাধ্য করে হাউছি বিদ্রোহীরা। এর এক বছর পর সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট হাউছি বিদ্রোহীদের উৎখাতে ইয়েমেনে আগ্রাসন শুরু করে। ২০১৫ সাল থেকে ইয়েমেনে অন্তত আট হাজার মানুষ নিহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক। আহত হয়েছে প্রায় সাড়ে ৪৪ হাজার মানুষ। জাতিসঙ্ঘ হিসাব অনুযায়ী, ১ কোটি ৮৮ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।

জারিফ