মিসরের সিনাই উপদ্বীপের উত্তরে আল আরিশ শহরে বৃহস্পতিবার রাতে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত ও নয়জন আহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানান।
গত বছরের জুলাই মাসে মিসরে এক সামরিক অভ্যুত্থানে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি ক্ষমতাচ্যুত হন। এর পর থেকে সিনাইভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় অনেক পুলিশ ও সেনা সদস্য নিহত হয়।
গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পুলিশের ব্যাপক অভিযান অব্যাহত থাকা সত্ত্বেও মিসরের রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে হামলার প্রবণতা অনেক বেড়ে গেছে।
মিসরের সরকারি বার্তা সংস্থা মিনার খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে নাইল ডেল্টায় একটি মসজিদের কাছে দু’টি বোমা বিস্ফোরণে এক পুলিশ সদস্যসহ ১১ জন আহত হয়।
কায়রোর কেন্দ্রস্থলে একটি বোমার বিস্ফোরণে ১২ জন আহত হওয়ার দু’দিন পর তান্তা নগরীতে সুফি মুসলমানদের একটি উৎসব চলাকালে এ দু’টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এসএমএ





