ইউরোপের দেশ অস্ট্রিয়ায় একটি ট্রাকে কমপক্ষে ৫০ জন শরণার্থীর লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার এই খবর জানিয়েছে ক্রোন নামের একটি পত্রিকা।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এবার শরণার্থীদের নিয়ে সবচেয়ে বেশি হিমশিম খাচ্ছে ইউরোপ। এই সঙ্কট সমাধানে বলকান রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনার জন্য অস্ট্রিলিয়ার রাজধানী ভিয়েনা গেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেল মার্কেল। এরই মধ্যে দেশটিতে এমন সংবাদ পাওয়া গেল।
পত্রিকাটি জানিয়েছে যে যাদেরকে ট্রাকটিতে পাওয়া গেছে, তাদেরকে সম্ভবত শ্বাসরোধ করে মারা হয়েছে।
পুলিশের মুখপাত্র হানস পিটার দোস্কোজিল এক সংবাদ সম্মেলনে বলেছেন, বার্গেনল্যান্ডের হাইওয়ের উপর পার্কিং করা একটি ট্রাকে ৫০ জনের লাশ পাওয়া গেছে।
গত ছয় মাসে ২৮ হাজার তিনশ’ এর বেশি লোক শরণার্থী হিসেবে আশ্রয় চেয়ে অস্ট্রিয়ার কাছে আবেদন করেছেন। যাদের বেশিরভাগই যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে এসেছেন।
জার্মানিতে শরণার্থীদের বিপক্ষে বিক্ষোভকারী ও ঘৃণা প্রকাশকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণার এক দিন পর বৃহস্পতিবার আলোচনার জন্য ভিয়েনা গেছেন মার্কেল।
ইউরোপিয়ান ইউনিয়ন যৌথভাবে শরণার্থীদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে-এমন সমালোচনার পর এই আলোচনার আয়োজন করা হয়েছে।
জেডআই





