জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে তুরস্ক তেল কিনার মাধ্যমে জঙ্গিদের অর্থসহায়তা দিচ্ছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। এর আগে রাশিয়াও একই ধরনের অভিযোগ করেছিল।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

গ্রিসের রাজধানী এথেন্সে এক অনুষ্ঠানে কথা বলার সময় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মোশি ইয়ালোন বলেন, ‘অনেক আগে থেকে তেলের বিনিময়ে তুরস্কের অর্থ পাচ্ছে জঙ্গিরা।’

আইএসের চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তুরস্ক। আইএসের সঙ্গে তুরস্কের আঁতাত রয়েছে বলে রাশিয়া যে অভিযোগ করেছে, তা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরাক ও সিরিয়ার একটি বিশাল অংশ দখল করে তথাকথিত ফিলাফত চালু করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। তারা বেশ কিছু তেলক্ষেত্র দখল করেছে। এখান থেকে উত্তোলিত তেল কালো বাজারে বিক্রি করে বিপুল অর্থের সংকুলান করছে জঙ্গিরা।

গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় ইয়ালোন বলেন, ‘তুরস্ক, তুরস্কের সরকার ও তুরস্কের নেতৃত্বের ওপর নির্ভর করছে, তারা সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহযোগিতা করতে অংশ নেবে কি না।’

ইয়ালোন আশা প্রকাশ করেছেন, তেলের বিনিময়ে আইএসকে অর্থের জোগান দেওয়া বন্ধ করবে তুরস্ক।
রাশিয়ার পর ইসরায়েল এত জোর দিয়ে তুরস্কের আইএসের তেল কেনার অভিযোগের পরে অনেক বেশি চাপে পড়ে গেল তুরস্ক।

এমএম