ইরাকের ফালুজা থেকে ‘পলায়নকালে’ ইসলামিক স্টেটের গাড়িবহরে বিমান হামলা চালিয়ে ধ্বংস করার নাটকীয় ভিডিও প্রকাশ করেছে ইরাকি সেনাবাহিনী ও পেন্টাগন।
ইউটিউবে ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, মরুভূমির পথ ধরে আইএসের বিশাল গাড়িবহর এগিয়ে যাওয়ার সময় তাতে ক্ষেপণাস্ত্র এবং মেশিন গানের গুলি ছোড়া হয়।
গাড়িবহরে ছিল মাঝারি আকারের ট্রাক, যাত্রীবাহী গাড়ি, প্রাইভেট কার এবং অন্তত একটি ট্রাক্টর।
ফুটেজে দেখা যায়, ঘাসপাতার নীচে আশ্রয় নেয়ার চেষ্টা করছে দৃশ্যত হামলায় আহতরা। কেউ কেউ আবার ইরাকি বাহিনীর গুলি ‘খেয়ে’ মরুভূমিতে লুটোপুটি খাচ্ছিল।
অন্তত দুজনকে এ সময় অস্ত্র বহন করতে দেখা যায়।
এর আগে মার্কিন সেনা কর্মকর্তারা জানান, গত ২৯ জুন আইএস বিরোধী জোটের বিমান হামলায় প্রচুর সংখ্যক যানবাহন ধ্বংস হয়েছে এবং ইরাকি বাহিনীও অজ্ঞাত সংখ্যক যানবাহন ধ্বংস করেছে।
জোটের হামলায় অন্তত ৫৫ যানবাহন এবং ইরাকি বাহিনীর হামলায় আরো অনেক যানবাহন ধ্বংস হয়েছে বলে বৃহস্পতিবার টুইটে জানান মার্কিন সেনা কর্মকর্তা কর্নেল ক্রিস গার্ভার।
এছাড়া রামাদিতে ১২০টি গাড়িতেও হামলা হয় বলে জানান গার্ভার।
ইতোমধ্যেই ফালুজাকে আইএস মুক্ত করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইরাকি বাহিনী।
এছাড়া বহুজাতিক বাহিনীর সহযোগিতায় রামাদি ও তিকরিতও আইএস মুক্ত করার ঘোষণা দিয়েছে ইরাক সরকার। সূত্র: আলজাজিরা
এফএফ





