রোহিঙ্গাদের জোর করে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

সংস্থাটি বলেছে, রোহিঙ্গারা দেশে ফিরতে না চাইলে তাদেরকে জোর করে সেখানে পাঠানো ঠিক হবে না।

ইউএনএইচসিআর বলেছে, মিয়ানমারে পাঠানোর আগে রোহিঙ্গা শরণার্থীদেরকে সেখানকার প্রকৃত অবস্থা জানাতে হবে। এরপর তারা স্বেচ্ছায় যেতে চাইলে তাদেরকে সেখানে পাঠানো যেতে পারে। মিয়ানমারে ফিরে যাওয়ার পর তারা যাতে আবারও হত্যা-নির্যাতনের শিকার না হয় সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।

এর আগে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালক ডেভিড বিজলি বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানোর মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয় নি।

এরইমধ্যে অভিযোগ উঠেছে, মিয়ানমার কৌশলে রোহিঙ্গাদের ফেরত নিয়ে বসবাসের অনুপযোগী ক্যাম্পগুলোতে বন্দি করে ফেলতে চাইছে।

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সই হওয়া প্রত্যাবাসন চুক্তি অনুযায়ী মঙ্গলবার থেকে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন শুরু হওয়ার কথা ছিল৷ কিন্তু বাংলাদেশ জানিয়েছে, পুরো প্রক্রিয়া এখনও শেষ না হওয়ায় এখনই প্রত্যাবর্তন শুরু করা যাচ্ছে না৷

এমবি