মালয়েশিয়ার বিমানটি হারিয়ে গেছে এবং এর কোন যাত্রীই বেঁচে নেই বলে ঘোষণা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। সোমবার এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি। খবর বিবিসি ও রয়টার্সের।
সোমবার দক্ষিণ ভারত মহাসাগরে বিমানটির অনুসন্ধানের পর এ ঘোষণা দেয়া হয়। বিমানটি সর্বশেষ দক্ষিণ ভারত মহাসাগরে অবস্থান করছিল বলে জানান তিনি। স্থানটি অস্ট্রেলিয়ার পার্থ শহরের বরাবর দক্ষিণ ভারত মহাসাগরে অবস্থিত। এটির অবস্থান এমন যে আশপাশে কোথাও অবতরণ করার মতো কোন সম্ভাবনা নেই।
উল্লেখ্য, মধ্য ও দক্ষিণ ভারত মহাসাগরে প্রায় ৫ দিন ধরে অনুসন্ধান চালানো হয়। বিবৃতিতে বলা হয়, বিমানটির যাত্রীদের মধ্যে কেউ যে আর বেঁচে নেই এ ব্যাপারে কোন সন্দেহ নেই।
বিমানটির সকল যাত্রীর পরিবারকে ফোনে মেসেজ পাঠিয়ে তাদের বেঁচে না থাকার ব্যাপারটি নিশ্চিত করা হয়। মেসেজে এজন্য দুঃখ ও অনুতাপও প্রকাশও করা হয়।
প্রসঙ্গত, গত ৮ মার্চ ভোরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-৩৭০ বিমানটি ক্রুসহ ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়। বিমানটি কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ে যাচ্ছিল। যাত্রীদের মধ্যে অন্তত ১৫০ জনই ছিলেন চীনের নাগরিক। বিমানটির নিখোঁজ হওয়ার কোন আলামতই এখনো পর্যন্ত উদঘাটন করা যায়নি। রাডারেও কোন সংকেত নেই।
বিমানটির অনুসন্ধানে মালয়েশিয়াসহ প্রায় এক ডজন দেশ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালালেও কোন হদিস পাওয়া যায়নি। বিমান অনুসন্ধানে ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তি, স্যাটেলাইটসহ অন্যান্য সরঞ্জাম। এমনকি আমেরিকার সপ্তম নৌবহরকেও কাজে লাগানো হয়। দক্ষিণ চীন সাগর, মালাক্কা প্রণালী, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর চষে ফেলা হয়। কিন্তু কিছুতেই কিছু হয়নি। বিমানটি অলৌকিকভাবে ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। বিমানটির আসলে কী হয়েছে, কোথায় হারিয়েছে কীভাবে নিখোঁজ হলো তা রহস্যের আড়ালেই থেকে গেল। এর জবাব কবে মিলবে বা আদৌ মিলবে কি না তা সবারই প্রশ্ন হয়ে রয়ে গেছে। সূত্র: বিবিসি ও রয়টার্স
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ[/b]