ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু আলোচনার সমঝোতা সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পেশ করেছে রাশিয়া।
বুধবার আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাবের খসড়া পেশ করা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি ভিতালি চুরকিন।
প্রস্তাবটি জাতিসংঘ সর্বসম্মতভাবে অনুমোদন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় টানা ১৮ দিন আলোচনার পর ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠী মঙ্গলবার যৌথ পূর্ণাঙ্গ কর্ম-পরিকল্পনা বা জেসিপিওএ-তে সই করে।
এ পরমাণু সমঝোতার আওতায় ইরানের ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। বিনিময়ে পরমাণু কর্মসূচি সীমিত করবে ইরান। তবে অস্ত্র নিষেধাজ্ঞা আরো ১০ বছর বহাল থাকবে।
এদিকে নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত খসড়া প্রস্তাব বিতরণ করবে ওয়াশিংটন। ১৫৯ পৃষ্ঠার জেসিপিওএকে অনুমোদনের জন্য নিরাপত্তা পরিষদ সাত থেকে ১০ দিন সময় পাবে। অনুমোদিত হওয়ার পর এটি নিরাপত্তা পরিষদের নিজস্ব দলিল হিসেবে গণ্য হবে।
ইআর





