সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমদ দাভুতোগলু। আসাদের সঙ্গে হ্যান্ডশ্যাক করাকে হিটলারের সঙ্গে হাত মিলানোর মতো তুলনা করেন তিনি।

গত রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানান, যুক্তরাষ্ট্র আসাদের সঙ্গে আপসরফা করতে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে তুরস্ক তার অবস্থান জানাল। অবশ্য, পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যে, জন কেরি সুনির্দিষ্ট করে আসাদের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করেননি। ওয়াশিংটন কখনোই আসাদের সঙ্গে আলোচনায় বসতে পারে না।

মঙ্গলবার রাজধানী আঙ্কারায় একে পার্টির এক মিটিংয়ে তুর্কি প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমারা আসাদের সঙ্গে আপসরফার যে সুর তুলেছে, তাতে আমাদের মানুষের মূল্যের বিষয়ে প্রশ্ন জাগে। অর্থ্যাৎ তিনি, আসাদের সেনাবাহিনীর হাতে দেশটির নাগরিকদের হত্যাকাণ্ডের দিকটি উল্লেখ করেন।

তিনি বলেন, "গণহত্যা চলা সত্ত্বেও, রেডলাইন অতিক্রম করে রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরও যদি আপনি আসাদের সঙ্গে হ্যান্ডশ্যাক করেন, তাহলে এই হ্যান্ডশ্যাক হবে ইতিহাসের পুনরাবৃত্তি। এই হ্যান্ডশ্যাক হবে হিটলার, সাদ্দাম, কারাদজিক বা মিলোসেভিকের সঙ্গে হাত মিলানোর শামিল।"

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে সিরিয়ার বিদ্রোহী গ্রুপগুলোর অন্যতম সহায়তা দানকারী। তবে, ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) উত্থানের পর যুক্তরাষ্ট্রের মনোযোগ আইএসের বিরুদ্ধে লড়াইয়ের দিকে সরে গেছে। আইএসকে বৈশ্বিক নিরাপত্তার জন্যে বড় হুমকি মনে করা হচ্ছে।

তুরস্কও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএস বিরোধী পশ্চিমা জোটের অন্যতম সঙ্গী। কিন্তু সিরিয়ার ব্যাপারে সুনির্ধারিত পদক্ষেপ এবং আসাদের বিদায় নিশ্চিত না হলে ইসলামিক স্টেটের বিরুদ্ধে কোন সামরিক পদক্ষেপ নিবে না বলে জানিয়ে দিয়েছে তুরস্ক। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন

এমএ