রাশিয়ার দক্ষিণাঞ্চলের উত্তর ককেশাসে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা জিআরইউ’র বিশেষায়িত সামরিক শাখার সদস্যদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে ৪ সৈন্যসহ ১০ জন নিহত হয়েছে।

পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে রাশিয়ান বেসরকারি সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স শুক্রবার এ খবর দিয়েছে।

ইন্টারফ্যাক্স জানায়, ককেশাসের বিচ্ছিন্নতাবাদী চেচনিয়া সীমান্তবর্তী দাগেস্তানের একটি গহীন বনে সন্ত্রাস-বিরোধী অভিযান চালাচ্ছিল সেনাবাহিনীর একটি দল। এসময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ৪ সৈন্য ও ৬ সন্ত্রাসী নিহত হয়। আহত হয় আরো ৬ সেনা সদস্য।

এ বিষয়ে দাগেস্তান পুলিশের কোনো কর্মকর্তা সরাসরি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দাগেস্তানের পার্শ্ববর্তী চেচনিয়ায় এ পর্যন্ত দু’বার ‘সন্ত্রাস-বিরোধী যুদ্ধ’ করতে হয়েছে রাশিয়াকে।

এফএফ