ইরান থেকে তেল কেনার জন্য চীনের কয়েকটি কোম্পানি এবং কয়েকজন ব্যবসায়ীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন অভিযোগ করেছে, এসব কোম্পানি ও ব্যক্তি মার্কিন নিষেধাজ্ঞা লংঘন করেছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে।

তারা জানিয়েছে, চীনের পাঁচ ব্যক্তি এবং ছয়টি প্রতিষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যার মধ্যে কসকো শিপিং কর্পোরেশনের দুটি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনের অবকাশে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই ঘোষণা দেন।  

তিনি বলেন, “আমরা চীনসহ সবাইকে বলছি তাদের জেনে রাখা উচিত যে- নিষেধাজ্ঞা লংঘন করলেই নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।”

তিনি বলেন, “ইরান যতই চাপ কমানোর চেষ্টা করবে তাদের উপর আমরা ততই নিষেধাজ্ঞা আরোপ করব।”

সংবাদ সম্মেলনে মাইক পম্পেও আরও বলেন, “আমরা বিশ্বের বিভিন্ন দেশ এবং কোম্পানিকে এ কথা বোঝানোর চেষ্টা জোরদার করবো যে, কেউ যদি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সঙ্গে সম্পর্ক রাখ তাহলে কী ধরনের ঝুঁকির মুখে পড়তে হবে এবং তারা যদি আমাদের এই সতর্কবার্তা উপেক্ষা করে তাহলে তারা শাস্তির মুখে পড়বে।”

গত বছরের মে মাসে মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায় এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করেছে। তবে ইরান বারবারই বলেছে তারা কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না।

এমবি