ইউক্রেন থেকে প্রায় এক লাখ দশ হাজার লোক রাশিয়ায় পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়া ৫৪ হাজারেরও বেশি লোক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থার মহিলা মুখপাত্র মেলিসা ফ্লেমিং শুক্রবার সাংবাদিকদের বলেন, ২০১৪ সালের প্রথম থেকে এক লাখ দশ হাজার ইউক্রেনবাসী রাশিয়ায় পৌঁছেছে।
তিনি আরো জানান, অধিকাংশই সহিংসতা পীড়িত পূর্বাঞ্চলের দনেস্ক ও লুখানস্ক এলাকা থেকে পালিয়েছে। এসব অঞ্চলে ইউক্রেন বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংর্ঘর্ষ চলছে।
তিনি বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের পরিস্থিতির অবনতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়া, অপহরণ আতংক এবং মানবাধিকার লংঘনসহ রাষ্ট্রীয় সেবার ঘাটতি এসব লোকের পালিয়ে যাওয়ার কারণ।
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে রাশিয়া পন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে পশ্চিমাপন্থী গ্র“প ও জাতীয়তাবাদীরা সরিয়ে দেয়ার পর রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা মাথাচাড়া দিয়ে ওঠে।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি না করার কারণে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়। মে মাসের নির্বাচনের পর নতুন প্রেসিডেন্ট শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তিটিতে স্বাক্ষর করে। সূত্র: বিএসএস
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





