চীনের ঝিনজিয়াং প্রদেশে শনিবার পুলিশের গুলিতে ১৩ হামলাকারী নিহত হয়েছেন। ওই অঞ্চলের এক থানায় হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে হত্যা করা হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

স্থানীয় সরকারি ওয়েবসাইট তিয়ানশানের বরাত দিয়ে এএফপি জানায়, শনিবার ঝিনজিয়াংয়ের কাশগর এলাকার কারগিলিক কাউন্টির এক পুলিশ স্টেশনে বোমা হামলা চালায় ওই হামলাকারীরা। পরে পুলিশ তাদেরকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় তিন পুলিশও আহত হয়েছে। তবে এ হামলা সম্পর্কে বিস্তারিত জানায়নি ওই ওয়েবসাইটটি।

চীনের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ঝিনজিয়াং প্রদেশটি সংখ্যালঘু উঘুর মুসলিমদের বাসস্থান। সাম্প্রতিক বছরগুলোতে ওই অঞ্চলটিতে বেশ কয়েকটি ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য উঘুরদের দায়ি করে থাকে চীনা কর্তৃপক্ষ। এসব হামলা ঘটনায় গত কয়েক সপ্তাহ ধরে তাদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালিয়ে যাচ্ছে চীনা পুলিশ। তারা বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে।

গত মে মাসে এই প্রদেশের রাজধানী উরুমকিতে বোমা হামলায় ৩৯ জন নিহত এবং আরো ৯০ জন আহত হয়েছিলেন। এর আগে গত মার্চে কুনমিং শহরের রেলওয়ে স্টেশনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছিলেন ২৯ জন। আহত হয়েছিলেন ১৪৩ জন।

ঢাকা, ২১ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস