কাশ্মির সীমান্তে পাকিস্তানী সেনাবাহিনীর ওপর ভারতীয় সেনাবাহিনীর হামলায় তিন পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ পরিদফতর (আইএসপিআর) নিহতের কথা স্বীকার করে দাবি করেছে, পাকিস্তানি সেনাদের গুলিতে ৭ ভারতীয় সেনা নিহত হয়েছে।

এছাড়া পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি বাসে ভারতীয় বাহিনী গোলাবর্ষণ করলে ৯ বেসামরিক নাগরিক নিহত হয়। খবর এনডিটিভি, দ্য ডন, দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

ভারতের এনডিটিভি জানায়, বুধবার পাকিস্তানি সেনা চৌকিগুলো লক্ষ্য করে ভারতীয় সেনাবাহিনী ১২০ মিলিমিটারের ভারী মর্টারের গোলা নিক্ষেপ ও মেশিনগান দিয়ে গুলি করেছে।

পুঞ্চ, রাজৌরি, কেল ও মাচিলসহ জম্মু এবং কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার পুরোটাই উত্তপ্ত অঞ্চলে পরিণত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

মঙ্গলবার মাচিল এলাকার সীমান্ত এলাকা অতিক্রম করে অনুপ্রবেশ করা পাকিস্তানি কমান্ডোদের হামলায় তিন ভারতীয় সেনা নিহত হয়।

ভারতের দাবি, নিহত সেনাদের একজনের শিরশ্ছেদ করে পাকিস্তানিরা। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ নকচ করে দিয়ে বলেছে, তাদের সেনাবাহিনী এমন নিষ্ঠুর ও অপেশাদার কাজ করে না।

এর মাত্র তিন সপ্তাহ আগে প্রায় একই এলাকায় অপর এক ভারতীয় সেনার শিরশ্ছেদ করেছিল পাকিস্তানি অনুপ্রবেশকারীরা।

উত্তর কাশ্মীরের মাচিল সেক্টরে টহল দেয়ার সময় পাকিস্তান সেনাবাহিনীর বর্ডার অ্যাকশন টিম ওই তিন সেনার ওপর চোরাগুপ্তা হামলা চালায় বলে দাবি ভারতের।

এর প্রতিক্রিয়ায় ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছিল, 'কাপুরুষোচিত এই ঘটনার চরম প্রতিশোধ নেয়া হবে।'

মাচিল সেক্টরে ভারতীয় সীমান্ত চৌকিগুলোর অবস্থান সীমান্তের খুব কাছে এবং এলাকাটি ঘন বনে আচ্ছাদিত বন্ধুর হওয়ায় অনুপ্রবেশ অনেকটা সুবিধাজনক। ফল এখানে বারবার অনুপ্রবেশের ঘটনা ঘটে।

আইএসপিআরে বরাতে পাকিস্তানের দ্য ডন ও এক্সপ্রেস ট্রিবিউন জানায়, সীমান্তে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তারা হলেন, ক্যাপ্টেন তৈমুর আলী, হাবিলদার মুসতাক হোসেন ও ল্যন্স নায়েক গোলাম হোসেন। আইএসপিআর দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনী পাল্টা জবাব দিলে ৭ ভারতীয় সেনা নিহত হয়েছে।

জেড