ব্রিটিশ এয়ারওয়েজ চীনে তাদের সকল ফ্লাইট বাতিল করেছে। মারাত্মক করোনা ভাইরাসের কারণে বুধবার তারা এ ঘোষণা দেয়।
ব্রিটিশ এয়ারওয়েজের এক বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের পরামর্শে চীনের মূল ভূখন্ডে আসা ও যাওয়া উভয়ধরণের সব ফ্লাইটই আমরা বাতিল করেছি। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হচ্ছে। তবে অতিপ্রয়োজনীয় ফ্লাইট চালু থাকবে।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী এই ভাইরানসে আক্রান্ত প্রথম রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর থেকে পাল্লা দিয়ে দেশটিতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।
চীনের বিভিন্ন শহর ছাড়াও থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা এবং তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন এই ভাইরাসের নাম দিয়েছে ২০১৯ নভেল করোনাভাইরাস। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে চীনে সফর করেছেন এমন লোকজনের মাধ্যমেই এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। সে কারণে অনেক দেশই এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন সফরে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা এনেছে।
এএইচ





