তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের রাস্তায় তিন মার্কিন সেনাকে মারধর করার প্রতিবাদ ও নিন্দা করেছে আমেরিকার সেনা সদরদপ্তর পেন্টাগন। মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন এ ঘটনাকে নোংরা ও বিব্রতকর বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “তুরস্কের রাস্তায় দুষ্কৃতকারী সাব্যস্ত করে সেনা সদস্যদেরকে এভাবে মারধর করার নিন্দা জানাচ্ছি আমরা।”

স্টিভ ওয়ারেন বলেন, “হামলাকারীদের এ আচরণ তুরস্কের জনগণের জন্য অপমানজনক এবং তুরস্কের আতিথেয়তা নিয়ে যে সুনাম রয়েছে তা ক্ষতিগ্রস্ত করল।”

ভিডিও ফুটেজে দেখা গেছে- তুরস্কের একদল রাজনৈতিক কর্মী মার্কিন তিন মেরিন সেনার ওপর চড়াও হয়েছে এবং প্লাস্টিকের বোতল দিয়ে মাথায় আঘাত করছে। এ সময় টার্কিস ইয়্যুথ ইউনিয়ন দলের কর্মীরা “দেশে ফিরে যাও ইয়াংকি” বলে চিৎকার করতে থাকে। এর মধ্যে একজন তুর্কি নাগরিক বলেছে, “আমরা তোমাদেরকে খুনি বলে মনে করি এবং আমাদের দেশ থেকে চলে যাও।”

মার্কিন এসব সেনা মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রস-এ করে কৃষ্ণ সাগরে সামরিক মহড়া চালানোর পর তুরস্কের ইস্তাম্বুল শহরে আসে। মধ্যপ্রাচ্যে সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করার প্রতিবাদে মার্কিন সেনাদের ওপর টার্কিস ইয়্যুথ ইউনিয়নের সদস্যরা চড়াও হয়েছে বলে সংগঠনটি এক বিবৃতি জানিয়েছে।

সূত্র:আইআরআইবি

জেডআই