রাষ্ট্রীয় গোপনীয়তা বিষয়ক আইন লঙ্ঘনের অভিযোগে আটক বার্তা সংস্থা রয়টার্সের দু’সাংবাদিকের জামিনের আবেদন নামঞ্জুর করেছে দেশটির একটি জেলা আদালাত।
কাইওয়া সোয়ে ও(২৭) এবং ওয়া লোন(৩১) নামক ওই দুই সাংবাদিককে বৃহস্পতিবার মিয়ানমারের আদালতে তোলা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শুনানীতে সাংবাদিকদ্বয়ের পক্ষের আইনজীবী আদালতকে বলেন, তাদের কাছে যে নথিপত্র থাকার কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে ওই নথিপত্রের তথ্য তাদের গ্রেপ্তারের সময়ে পত্রিকার বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত ছিল। সোয়ে ও লোন রোহিঙ্গা সঙ্কট নিয়ে কাজ করছিলেন। ১২ই ডিসেম্বর তাদের গ্রেপ্তার করে পুলিশ।
তাদেরকে ওই দিন রাতের নৈশভোজে ডেকে নিয়ে গিয়ে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারকারী এক পুলিশ কর্মকর্তা হচ্ছেন মেজর মিন থান্ত।
বৃহস্পতিবার তিনি, সোয়ে ও লোনকে যে নথিপত্রের জন্য গ্রেপ্তার করেছিলেন তা আদালতে জমা দিয়েছেন। প্রতিক্রিয়ায় আসামীপক্ষের আইনজীবী থান জও অং আদালতকে কিছু পত্রিকার প্রতিবেদন দেখান। তিনি প্রতিবেদনগুলোর তথ্যের দিকে ইঙ্গিত করে বলেন, তাদের যে নথিপত্রের জন্য গ্রেপ্তার করা হয়েছে ওই নথিপত্রের তথ্যগুলো গ্রেপ্তারের সময় জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে গোপন তথ্য রাখার অভিযোগে মামলা করা হয়েছে। কিন্তু আমি দেখাতে চাই যে, এগুলো কোন গোপন তথ্য নয়। জনসাধারণ ইতিমধ্যেই এসব বিষয় সম্বন্ধে জানতো। তবে এই যুক্তি প্রদর্শনের পরও, আদালত আসামীদের জামিনের আবেদন প্রত্যাখ্যান করেন।
বিচারক ইয়ে লয়িন বলেন, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন অনুসারে অভিযুক্তরা অ-জামিনযোগ্য। এসময় আদালতে যুক্তরাষ্ট্র, বৃটেন, কানাডা, নরওয়ে, সুইডেন, ফ্রান্স ও ডেনমার্ক দূতাবাসের কূটনীতিকরা ও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
জেড





