প্রভাবশালী কুর্দি আইনজীবী তাহির এলচিকে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার কুর্দি অধ্যুষিত দক্ষিণ তুরস্কের দাইয়ারবাকরি শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কুর্দি বিদ্রোহীদের বন্দুকযুদ্ধের সময় এ ঘটনা ঘটে।
এলচি ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়।
দাইয়ারবাকরি বার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন তাহির এলচি। কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে) কোনো সন্ত্রাসী সংগঠন নয়, এমন দাবি করায় গত মাসে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বেশ কয়েকদিন কারাবাসের পর কয়েকদিন আগে জামিনে ছাড়া পান তিনি।
এলচি ছিলেন তুর্ক-কুর্দিদের মধ্যে খুবই প্রভাবশালী ব্যক্তিত্ব। তার মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন টিআরআই।
এলচির মৃত্যুর বিষয়টি উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান বলেছেন, ‘বন্দুকযুদ্ধের ওই ঘটনায় এক পুলিশ সদস্যও নিহত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এই ঘটনার মধ্য দিয়ে এটাই স্পষ্ট হলো যে, কেন সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের অবস্থান সঠিক।’
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন পুলিশ ও অজ্ঞাত এক সাংবাদিক ওই ঘটনায় আহত হয়েছেন। ঘটনার পর দাইয়ারবাকরি গভর্নরের কার্যালয় থেকে শহরজুড়ে কারফ্যু জারি করা হয়।
তথ্যসূত্র : আল জাজিরা অনলাইন।
এসএইচ





