টানা দ্বিতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন দিলমা রৌসেফ (৬৬)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রবিবার তিনি দ্বিতীয় পর্বের ভোটে বিজয়ী হন। খবর রয়টার্সের।

দেশটির বিগত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর ৫১ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন বামপন্থী রৌসেফ।

অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী ব্রাজিলিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (পিএসডিবি) অ্যাসিও নেভিস (৫৪) পেয়েছেন ৪৮ দশমিক ৪ শতাংশ ভোট।

এর আগে গত ৫ অক্টোবর দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল ভোটে ৪১ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছিলেন রৌসেফ। অপরদিকে নেভিস (৫৪) পেয়েছিলেন ৩৩ দশমিক ৬ শতাংশ ভোট।

দেশটির সংবিধান অনুযায়ী কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় পর্বে গড়ায়।

এ বিজয়ের মাধ্যমে ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট রৌসেফ ব্যক্তিগত আরেকটি মাইলফলক অর্জন করলেন। আবারও চার বছরের জন্য ক্ষমতা নেওয়ার পাশাপাশি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে টানা দুইবার নির্বাচিতের সৌভাগ্য অর্জন করলেন তিনি।

২০১০ সালে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন ওয়ার্কার্স পার্টির এই সদস্য।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রৌসেফের বাবা বুলগেরিয়া থেকে ব্রাজিলে চলে আসেন। ১৯৪৭ সালের ১৪ ডিসেম্বর ব্রাজিলের মিনাস গেরাইসের বেলো হরিজন্ততে জন্মগ্রহণ করেন রৌসেফ।

ইআর