ইউক্রেনে বিদ্রোহীদের রকেট হামলায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা নয় জনের সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

জানা গেছে, রুশপন্থী বিদ্রোহী কবলিত ইউক্রেনের পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। বিদ্রোহীদের দখলে থাকা পূর্বাঞ্চলীয় স্লোভিয়ানস্ক শহরের কাছ থেকে উড্ডয়নের পরপরই হেলিকপ্টারে রকেট ছোঁড়া হয়।

এমআই-৮ ক্যাটাগরির এই হেলিকপ্টারে করে সামরিক সরঞ্জাম বহন করা হচ্ছিল।

এমন এক সময়ে এ হামলা চালানো হলো যখন সরকার ও বিদ্রোহীদের মধ্যে অস্ত্রবিরতির ব্যাপারে আলোচনা চলছে। বিদ্রোহীরা আগামী শুক্রবার পর্যন্ত অস্ত্রবিরতির বিষয়টি ভেবে দেখবে বলে জানিয়েছে। ইউক্রেন সরকারের প্রস্তাবে তারা এ সিদ্ধান্ত জানিয়েছে। এর মধ্যেই এ হামলা চালানো হলো। এতে করে অস্ত্র বিরতির আলোচনা বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র: বিবিসি

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ