মালয়েশিয়ার হারিয়ে যাওয়া বিমানটি সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেল। বিমানটি থেকে পাওয়া সর্বশেষ তথ্য (মেসেজ) ছিল 'গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো'। অর্থ্যাৎ, শুভরাত্রি মালয়েশিয়ার ৩৭০ বিমান। এই তথ্যের মধ্যে অস্বাভাবিক কিছু ঘটতে যাচ্ছে এরকম কিছু পাওয়া যায়নি বলেও জানিয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
মালয়েশিয়া কর্তৃপক্ষ মঙ্গলবার এ নতুন তথ্য জানিয়েছে। কিন্তু এর আগে মালয়েশিয়া জানিয়েছিল, বিমানটি থেকে পাওয়া সর্বশেষ মেসেজ ছিল 'অল রাইট, গুড নাইট'।
প্রসঙ্গত, ৮ মার্চ ভোররাতে এই মেসেজটিই সর্বশেষ ধারণ করেছিল রাডার। এরপরই বিমানটি রাডার থেকে হারিয়ে যায়। আজ পর্যন্ত বিমানটির কোন হদিস পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দক্ষিণ ভারত মহাসাগরে অস্ট্রেলিয়ার কাছাকাছি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে। এ পর্যন্ত ফ্রান্স ও থাইল্যান্ডের স্যাটেলাইটে ওই এলাকায় বেশ কয়েকশ বস্তুর ছবি ধারণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে এসব বস্তু নিখোঁজ হওয়া বিমানটির। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেখানে ভালোভাবে অনুসন্ধান চালানো যাচ্ছে না।
বিমানটি নিখোঁজ হওয়ার জন্য মালয়েশিয়ার কর্তৃপক্ষের অবহেলা ও অব্যবস্থাপনাকে দায়ী করছে চীন। উল্লেখ্য, কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংগামী বিমানটিতে ক্রসহ ২৩৯ জন যাত্রী ছিলেন। বিমানটির সব যাত্রীই নিহত হয়েছেন বলে গত সপ্তাহে ঘোষণা করে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। মালয়েশিয়ার এ ঘোষণায় ক্ষুব্ধ হয়ে উঠেন চীনা যাত্রীদের আত্মীয়-স্বজনেরা। উল্লেখ্য, বিমানটিতে থাকার যাত্রীদের মধ্যে ১৫০ জনই চীনা নাগরিক। সূত্র: রয়টার্স
[b]ঢাকা, ০১ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]