গত মাসে আঙ্কারায় অভ্যুত্থান প্রচেষ্টার আন্তর্জাতিক তদন্ত দাবি করে ফেতুল্লাহ গুলেন বলেছেন, এ ধরনের যেকোনো তদন্তে তিনি সব ধরণের সহযোগিতা দেবেন।
ফরাসী দৈনিক লা মঁদের শনিবারের সংস্করণে এক লেখায় গুলেন অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে তার জড়িত থাকার তুরস্কের অভিযোগ তীব্রভাবে অস্বীকার করেন।
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বসবাসরত গুলেন (৭৫) বলেন, আমি এ ঘটনার নিরপেক্ষ আন্তর্জার্তিক তদন্ত দাবি করছি। এ বিষয়ে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার করে তিনি বলেন, জড়িত থাকার প্রমাণ মিললে আমি তুরস্কে ফিরে যে কোন কঠোর শাস্তি মাথা পেতে নেবো।
এরদোগানের এক সময়ের বন্ধু ছিলেন গুলেন। কিন্তু উভয়ের মাঝে বর্তমানে তীব্র শত্রুতা রয়েছে। গুলেন ১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে আছেন।
তিনি এবং তার হিজমেত মুভমেন্টের বিরুদ্ধে করা এ অভিযোগ প্রত্যাখ্যান করে গুলেন বলেন, ১০ হাজার কিলোমিটার দূর থেকে সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীকে উস্কে দেয়ার এ অভিযোগ আনা মানে আমার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেয়া।
তুরস্কে গত ১৫ জুলাইয়ের অভ্যুত্থান প্রচেষ্টার পর থেকে গুলেনের সমর্থকদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে সেনাবাহিনী, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসনসহ শিক্ষা বিভাগের হাজার হাজার লোককে হয় চাকরিচ্যুত না হয় বন্দী করা হয়েছে।
এফএফ





