ফিলিস্তিনের পশ্চিমতীরে ফিলিস্তিনি এক তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এতে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে একটি শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে এবং আহত করেছে বেশ কয়েকজনকে।

স্থানীয় মিডিয়া জানায়, ইসরায়েলি বাহিনী নাবলুসের বালাতা শরণার্থী শিবিরে হামলা চালায়। এ সময় এক যোদ্ধার বাড়ি ঘেরাও করে তারা। একপর্যায়ে ফিলিস্তিনিদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষ শুরু করে ইসরায়েলি সেনারা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত ওই ফিলিস্তিনি তরুণের নাম ফারিস আবদুল মুনিম হাশাশ (১৯)। সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত তিনি। তার বুকে, পেটেসহ শরীরের নীচের অংশে বুলেট লাগে। পরে তাকে নাবলুসের রাফিদিয়া সার্জিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

এক বিবৃতিতে হামাস বলেছে, দখলদার ইসরায়েলি বাহিনীর এই ধরনের অপরাধ ফিলিস্তিনজুড়ে চলমান প্রতিরোধ আন্দোলন বন্ধ করতে পারবে না।

এবিএস