আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইকে সীমান্ত বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। পাক সামরিক বাহিনীর অভিযানের মুখে যাতে পাকিস্তান থেকে তালেবান সন্ত্রাসীরা আফগানিস্তানে পালিয়ে যেতে না পারে সে জন্য সীমান্ত বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাসনিম আসলামের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। তাসনিম আসলাম জানান, সোমবার রাতে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ প্রেসিডেন্ট কারজাইয়ের সঙ্গে টেলিফোন আলাপের সময় এ আহ্বান জানান। এর আগে, পাকিস্তানের সামরিক কর্মকর্তারা আফগান সরকারকে সীমান্তে তালেবান জঙ্গীদের আস্তানা ধ্বংসের জন্য কারজাই সরকারের প্রতি অনুরোধ জানিয়েছিলেন।
নওয়াজ শরীফের সঙ্গে ফোনালাপের পর হামিদ কারজাই এক বিবৃতিতে চলমান সামরিক অভিযানে বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমানোর জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে সব ধরনের সহযোগিতার জন্য আফগানিস্তান প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই।





