লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সিরিয়ায় ইসরাইলি হামলার জবাব দিতে পূর্ণ প্রস্তুত রয়েছে বলে ঘোষণা করেছেন সংগঠনটির মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। লেবাননের ‘আল-মায়াদিন’ টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দিয়েছেন।
হাসান নাসরুল্লাহ বলেন, হিজবুল্লাহ পুরোপুরি সশস্ত্র এবং ইহুদিবাদী ইসরাইলের যে কোনো স্থানে হামলার চালানো ক্ষমতা রয়েছে তাদের। তিনি বলেন, ইসরাইল শুধুমাত্র সিরিয়ার ভূখণ্ডেই নয় বরং মধ্যপ্রাচ্যের সর্বত্রই প্রতিরোধের কেন্দ্রগুলোতে আঘাত হানছে।
হিজবুল্লাহ মহাসচিব বলেন, সিরিয়ার ওপর যে কোনো হামলার জবাব দেয়া হবে। সিরিয়ার ওপর যে কোনো হামলাকে প্রতিরোধের সংগ্রামের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে বলে ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমরা জবাব দিতে সক্ষম এবং যে কোনো সময় এ জবাব দেয়া হতে পারে।’
সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে পড়ার পর ইহুদিবাদী ইসরাইল বেশ কয়েক বার দেশটির বাশার সরকারের বিভিন্ন স্থাপনায় হামলায় চালিয়েছে। সর্বশেষ গত ডিসেম্বরে রাজধানী দামেস্কের অদূরে অস্ত্রগুদামে হামলা চালিয়েছে ইসরাইলি জঙ্গি বিমান।
জেডআই





