যাত্রা শুরু করেছে ব্রিকসভুক্ত পাঁচটি উদীয়মান অর্থনীতির দেশের উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)।
মঙ্গলবার চীনের সাংহাই শহরে শুরু হয় এর আনুষ্ঠানিক কার্যক্রম।
ব্রিকসভুক্ত দেশগুলো হচ্ছে- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।
মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, অবকাঠামোগত প্রকল্পের অর্থায়নে এনডিবি উন্নয়নশীল দেশগুলোকে ঋণ দেবে।
নতুন এই ব্যাংককে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিকল্প হিসেবে দেখা হচ্ছে। যদিও এর উদ্যোক্তারা বলছেন, এটা কারও প্রতিদ্বন্দ্বী নয়। এ বিষয়ে এনডিবির প্রেসিডেন্ট কুনদাপুর ভামান কামাথ বলেন, ‘বিদ্যমান কোনো ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা আমাদের উদ্দেশ্য নয়; বরং নিজস্ব আঙ্গিকে এই ব্যবস্থার উন্নয়নই আমাদের লক্ষ্য।’
আগামী বছরের শুরু থেকে নতুন এই ব্যাংক তার ঋণ কার্যক্রম শুরু করবে। ৫০ বিলিয়ন মার্কিন ডলার তহবিল নিয়ে ব্যাংকটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। এক বছরের মধ্যে এই তহবিল দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে। এ ব্যাংকে সবচেয়ে বেশি অবদান থাকছে চীনের।
খবরে আরও বলা হয়, উন্নয়নশীল দেশগুলোকে যথাযথ ভোটের অধিকার না দেওয়ায় বিশ্বব্যাংক ও আইএমএফ-এর সমালোচনা করেছে ব্রিকসভুক্ত দেশগুলো।
ব্রাজিলের ফোর্তালেজা শহরে গত বছর জুলাই মাসে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে এনডিবি গঠনের ঘোষণা আসে। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ এ-সংক্রান্ত ঘোষণা দেন। এরই অংশ হিসেবে আজ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বহুজাতিক এই প্রতিষ্ঠানটি।
কেএইচ





