জাপানের হিরোশিমা নগরীতে ভয়াবহ ভূমিকম্পের এক সপ্তাহ পর বুধবার ৭০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রাকৃতিক এ দুর্যোগে এখনো ১৮ জন নিখোঁজ রয়েছে।
পশ্চিমাঞ্চলীয় নগরীতে এক মাসের বেশি সময়ে যে পরিমাণ বৃষ্টি হয় গত বুধবার সকালে মাত্র তিন ঘন্টায় ওই পরিমাণ বৃষ্টি হয়েছে। এর ফলে পাহাড়ী জনপদগুলোতে ভয়াবহ ভূমিধস দেখা দেয়। খবর এএফপি’র।

পাহাড়ের কিছু অংশ সেখানকার জনপদের ওপর ধসে পড়ে। এ সময় ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে কয়েক টন মাটি, পাথর ও ধ্বংসস্তুপ বেশ কয়েকটি বাড়িঘরকে চাপা দেয়।
উদ্ধার তৎপরতায় পুলিশ, দমকল ও সৈন্যদের তিন শতাধিক সদস্য অংশ নেয়।

গত সপ্তাহে প্রথম দফার উদ্ধার তৎপরতা চালানোর সময় ওই এলাকায় দ্বিতীয় দফা ভূমিধস হলে ৫৩ বছর বয়সী এক উদ্ধারকর্মী প্রাণ হারায়। তার হাতে একটি তিন বছর বয়সী ছেলে ছিল। কয়েক ঘন্টা পর তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজদের মধ্যে এক নব-দম্পতি রয়েছে। স্ত্রীটি সন্তান সম্ভবা ছিলো। ভূমিধসে তাদের অ্যাপাটমেন্টে চাপা পড়ে।

দুর্যোগটি আঘাত হানার পর থেমে থেমে ভারী বৃষ্টিপাত চলছে। এতে পার্বত্য অঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়ায় আবার ভূমিধসের আশঙ্কায় উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ