নোবেল বিজয়ী ও তিব্বতের ধর্মীয় নেতা দালাইলামাকে ভিসা দিতে অস্বীকার করায় চীন শুক্রবার দক্ষিণ আফ্রিকাকে ধন্যবাদ জানিয়ে দেশটির ‘সঠিক অবস্থানের’ প্রশংসা করেছে।
বৃহস্পতিবার দালাইলামার একজন সহকারী বলেছিলেন, বেইজিংয়ের ক্ষোভ এড়াতে প্রিটোরিয়া ভিসা দিতে অস্বীকার করায় দালাইলামা নোবেল পুরস্কার বিজয়ীদের একটি সম্মেলনে যোগ দিতে তার দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিন গাং শুক্রবার এক নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘চীনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখ-তা সংশ্লিষ্ট ইস্যুতে দক্ষিণ আফ্রিকা সরকারের সমর্থনকে চীন ভূয়সী প্রশংসা করে।’
তিনি বলেন, ‘আমরা আরও বিশ্বাস করি যে, দক্ষিণ আফ্রিকা এই সঠিক অবস্থান অব্যাহত রাখবে এবং এ ক্ষেত্রে চীনকে সমর্থন দিয়ে যাবে।’
দালাইলামা বর্ণবাদী শাসন অবসানের পর বেশ কয়েকবার দক্ষিণ আফ্রিকা সফর করেন।
তার সহকারী নাংতা চোয়েডন এএফপিকে বলেন, প্রিটোরিয়া টেলিফোনে আমাকে অবহিত করেছে যে, চীন ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বিধায় তারা ভিসা দিতে পারবে না।
কিন দালাইলামা সম্পর্কে চীনের দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করে বলেন, ‘দালাইলামা একজন নির্বাসিত রাজনৈতিক ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে ধর্মীয় আলখেল্লার আড়ালে চীনের সার্বভৌমত্ব ও অখ-তা বিনষ্ট হয় এমন কর্মকাণ্ডে জড়িত রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘চীন সরকার বিভিন্ন দেশে দালাইলামার চীন-বিরোধী বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের কঠোরভাবে বিরোধিতা করে।’
ঢাকা, ০৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





