উত্তর ও দক্ষিণ আমেরিকায় ছড়িয়ে পড়া জিকার আতংকে ব্রাজিলে চুমু খাওয়ার ব্যাপারে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
দেশটির রিও শহরে শুক্রবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বার্ষিক কার্নিভাল। আর ব্রাজিলের কার্নিভাল তো নাচগানের পাশাপাশি চুমু খাওয়ারও উৎসব। শুধু প্রেমিক-প্রেমিকাই নয়, এই উৎসবে অচেনা লোককেও চুমু খাওয়া যায়। তাই প্রেসিডেন্টের আহ্বান, ‘দয়া করে অন্তঃসত্ত্বারা কাউকে চুমু খাবেন না।’
ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তা পাউলো গাদেলা এক সংবাদ সম্মেলনে অন্তঃসত্ত্বা নারীদের যথাসম্ভব চুমু খাওয়ার ব্যাপারটিকে এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। খবর এপির।
গবেষকেরা আগেই জানিয়েছিলেন, শুধুমাত্র মশার কামড়ই নয়, যৌন মিলন এবং রক্তের মাধ্যমেও ছড়াতে পারে জিকা ভাইরাস।
সম্প্রতি দুইজন রোগীর লালা এবং মূত্র পরীক্ষা করে পাওয়া গিয়েছে ওই ভাইরাস। আর তাতেই কপালে ভাঁজ পড়েছে গবেষকদের। কারণ, লালার মাধ্যমে সংক্রমণ হলে চুমু খেলেও ছড়াবে জিকা।
এদিকে শনিবার জিকায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে কলম্বিয়ায়। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা এটিই প্রথম।
ওএফ





