ভারতের কট্টরপন্থি ধর্মভিত্তিক রাজনৈতিক দল শিব সেনার দৃষ্টিতে পাকিস্তান একটি সন্ত্রাসী রাষ্ট্র।
তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। এমন কি বিনোদনের খোরাক ক্রিকেটের বিষয়েও পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক রাখার পক্ষে নয় শিব সেনা।
সম্প্রতি শিব সেনার চাপের মুখে ভারত ছাড়তে হয়েছে পাকিস্তানের জনপ্রিয় প্রাক্তন খেলোয়াড় ওয়াসিম আকরাম, শোয়েব আক্তার এবং আম্পায়ার আলিম দারকে। দুই দেশের ক্রিকেট বোর্ডের বৈঠকও স্থগিত করতে হয়।
পাকিস্তান নিয়ে শিব সেনার যখন এতই স্পর্শকাতরতা তখন মালালার বিষয়ে তারা ভীষণ উদার। শান্তিতে নোবেলজয়ী ও নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইকে স্বাগাত জানাতে প্রস্তুত শিব সেনা।
তাদের দৃষ্টিতে মালালা শান্তির দূত, সন্ত্রাসীদের বিরুদ্ধে তার অবস্থান। শান্তি প্রতিষ্ঠায় মালালার অসামান্য ভূমিকায় মুগ্ধ কট্টরপন্থি শিব সেনাও।
বুধবার ভারতের মুম্বাইয়ে শিব সেনার নেতা সঞ্জয় রাউত বলেন, বিশ্বের সব শান্তি প্রতিষ্ঠাকারীদের প্রতি আমি বলতে চাই, পাকিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠায় মালালা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাকে শিব সেনা স্বাগত জানায়।’
তিনি আরো বলেন, কাসুরি ও হাফিজ সাইদের মতো লোক যেখানে পাকিস্তানে সন্ত্রাস ও সহিংসতা বাড়াচ্ছে, সেখানে ছোট্ট একটি মেয়ে মালালা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং একই কারণে সে শান্তিতে নোবেল জিতেছে।’
‘ফলে মালালাকে যদি ভারতে স্বাগত জানানো হয়, তবে সব পাকিস্তানভক্ত জেনে যাবে সন্ত্রাসবাদ ছড়ানোর পথ বন্ধ। এর বাইরে গেলে প্রতিরোধ করা হবে’- বলেন সঞ্জয় রাউত।
সম্প্রতি মালালা ইচ্ছা প্রকাশ করেছে, সে ভারতে আসতে চায়। ভারতীয় মেয়েদের শিক্ষার সুযোগ নিয়ে কাজ করতে চায়।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
এসএইচ





