জামিনে মুক্ত হয়েছেন উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নবাদী সংগঠন উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়া। বৃহস্পতিবার আসামের গুয়াহাটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
তার বিরুদ্ধে করা চার মামলার সবশেষটিতে বুধবার জামিন মঞ্জুর করেন আদালত। এতে করে তার মুক্তি পাওয়ার পথ পরিষ্কার হয়। এর আগে অন্য তিন মামলায় জামিন আদেশ পান তিনি।
১১ নভেম্বর অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করে বাংলাদেশ। এরপর ভারতের আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষ তার বিরুদ্ধে চারটি মামলা করে। সবগুলো মামলায় জামিন পাওয়ায় কারাগার থেকে মুক্তি দেওয়া হয় তাকে।
১৯৯৭ সালে ভুয়া পাসপোর্ট নিয়ে অনুপ্রবেশ করা, অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার দায়ে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে দুই সহযোগীসহ অনুপ চেটিয়াকে গ্রেফতার করে পুলিশ। সেই থেকে প্রায় ১৮ বছর তিনি বাংলাদেশের কারাগারে বন্দি ছিলেন। যদিও আট বছর আগে তার সাজার মেয়াদ শেষ হয়।
আসামের স্বাধীনতার জন্য দুই দশকের বেশি সময় ধরে সশস্ত্র বিদ্রোহী চালিয়ে আসছে ইউনাইটেড লিবারেশন আমি অব আসাম (উলফা)। অনুপ চেটিয়া উলফার প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তার আসল নাম গোপাল বড়ুয়া। ভারতে তার বিরুদ্ধে হত্যা, অপহরণ ও ডাকাতির মামলা রয়েছে।
বাংলাদেশ থেকে ১১ নভেম্বর অনুপ চেটিয়াকে নিয়ে যাওয়ার পর ১৭ নভেম্বর কঠোর নিরাপত্তায় তাকে অন্তবর্তকালীন রিমান্ডের জন্য গুয়াহাটির আদালতে তোলা হয়।
এমএইচ





