ভারতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার আবদুল বাসিতকে গতকাল বুধবার তলব করেছে দিল্লি। মঙ্গলবার করাচিতে একটি অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার গৌতম বাম্বাওয়ালের বক্তব্য পেশ করার কথা থাকলেও, শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান বাতিল করে পাকিস্তানের ব্যবসায়ীদের সংগঠন। তার উপস্থিতির মাত্র আধঘণ্টা আগে কেন অনুষ্ঠান বাতিল করা হয়েছে তা জানতে চেয়েছিলেন হাইকমিশনার।

কিন্তু উদ্যোক্তারা তার প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি। ঘটনার প্রতিবাদ জানাতে গতকাল ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তলব করা হয় আবদুল বাসিতকে, এই তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

গতকাল বাসিতকে ডেকে পাঠিয়ে পাকিস্তানের আচরণের নিন্দা জানানো হয়েছে। ভারতীয় কূটনীতিকদের কোনও অসম্মান যাতে পাকিস্তানে না হয়, তা নিশ্চিত করতে হবে ইসলামাবাদকে। পাকিস্তান হাইকমিশনারকে জানিয়ে দেওয়া হয়েছে সেই কথা।

মঙ্গলবার পাকিস্তানের করাচিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার গৌতম বাম্বাওয়ালের। কিন্তু শেষ মুহূর্তে পাকিস্তান কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। যেভাবে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিল করে দেওয়া হয়েছে, তাতে ভারতীয় দূত গৌতম বাম্বাওয়ালের যথেষ্ট অপমান হয়েছে বলেও দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

এমএনজে