ইসলামিক স্টেট (আইএস) বিরোধী মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অন্তত ১০ সিরীয় বেসামরিক লোক নিহত হয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের (এসওএইচআর) বরাত দিয়ে শনিবার এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দির আল জোর প্রদেশের আল-খাশামে একটি গ্যাস প্ল্যান্টে বিমান হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাতে আল-কাসাকাহ প্রদেশে বিমান হামলায় নিহত হন তিনজন।

এসওএইচআর দাবি করেছে, সম্প্রতি চালানো বিমান হামলায় নিহত ১০ জনই সিরিয়ার সাধারণ মানুষ।

নিরাপত্তা সীমাবদ্ধতার জন্য খবরের সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে রয়টার্স।

প্রসঙ্গত, আইএস নিধনে আগস্ট থেকে ইরাকে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো। সিরিয়ায় এই হামলা শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে।

 

ইআর