ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশকারীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য ও এক অনুপ্রবেশকারী নিহত হয়েছেন। সোমবার কাশ্মীরের তাঙধার সেক্টরে এ ঘটনা ঘটে। সেনা সূত্রের বরাত দিয়ে এনডিটিভি এ খবর দিয়েছে।

এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, কিছু অনু্প্রবেশকারী পাক-ভারত আন্তর্জাতিক সীমান্ত (লাইন অব কন্ট্রোল) দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। বিষয়টি সীমান্তে টহলরত জোয়ানদের দৃষ্টিতে আসলে তারা অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ করে। এতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

গোলাগুলির এক পর্যায়ে অনুপ্রবেশকারীরা পিছু হঠতে বাধ্য হয়। এ সময় গুলিতে এক অনুপ্রবেশকারী নিহত হয়। এছাড়া চার সীমান্তরক্ষী আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হলে তিন জোয়ান মারা যায়। অপরজনের অবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

এএইচ