ইসলামী স্টেট (আইএস) সন্দেহে তিনজনকে আটক করেছে তুরস্কের পুলিশ। আজ শনিবার দেশটির দোগান সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

এদের মধ্যে একজন মরক্কোর বংশোদ্ভুত বেলজিয়ামের নাগরিক। তিনি প্যারিস হামলার সঙ্গে সরাসরি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। বাকি দুজন সিরীয় নাগরিক। তারা তুরস্কে এসেছেন আইএসের জন্য কর্মী সংগ্রহ করতে।

২৬ বছর বয়সি বেলজিয়ামের ওই নাগরিককে তুরস্কের দক্ষিণ উপকূলীয় শহর আনতালিয়ার একটি অভিজাত হোটেল থেকে আটক করা হয়। তবে দোগান সংবাদ সংস্থা কোনো সূত্র উল্লেখ করতে পারেনি। তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।

অন্য দুজনকে সিরীয় সীমান্তবর্তী শহরের হাইওয়ের কাছ থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পুলিশের দাবি আইএসের পক্ষ থেকে তারা সিরিয়া থেকে নিরাপদে সীমান্ত পার হয়ে তুরস্কে প্রবেশ করেছেন। তুরস্কে তারা আইএসের জন্য কর্মী সংগ্রহে এসেছে বলে দাবি করা হয়।

তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান অনলাইন।

এমআর