তুরস্কে কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।

তুর্কি নিরাপত্তাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবারের এই সংঘর্ষে নিহতদের মধ্যে চারজন বেসামরিক নাগরিক রয়েছেন।

সিরীয় সীমান্তে দিয়ারবাকির প্রদেশের সিজর শহরে একটি সেনাঘাঁটিতে প্রথমে হামলা চালায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এতে এক সেনা নিহত হন। আহত হন আরও চারজন।

এছাড়া ইরাক-ইরান সীমান্তে ইয়োকসেকোভা শহরে আবাসিক এলাকায় রাতভর বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই বেসামরিক নাগরিক।

চলতি বছরের জুলাইয়ে অস্ত্রবিরতি ভঙ্গের পর এরই মধ্যে প্রায় নয়শ’ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৮০০ পিকেকে যোদ্ধা, ৬০ সৈনিক ও ১২ বেসামরিকে মানুষ রয়েছেন।

কেএইচ