ইয়েমেনে ক্ষমতাচ্যুত এবং পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সৌদি আরব গেছেন। দেশটির বিরুদ্ধে সৌদি আরবসহ অন্যান্য আরব রাষ্ট্র গুলো যখন বিমান হামলা করছে তখন হাদি সেখানে গেলেন।
গতকাল রাজধানী রিয়াদের বিমান ঘাঁটিতে হাদি পৌঁছানোর পর সেখানে তাকে স্বাগত জানান প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আলে সৌদ এবং সৌদি গোয়েন্দা সংস্থা জেনারেল ইন্টলিজেন্সের প্রধান খালিদ বিন আলি আল-হুমাইদান। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেস এজেন্সি এ খবর দিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনও বিবরণ দেয়া হয় নি।
আনাসারুল্লাহ যোদ্ধারা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে এগিয়ে আসার খবরে বন্দর নগরী এডেন থেকে হেলিকপ্টার যোগে পালিয়ে যান হাদি। এ সময়ে তার সঙ্গে কয়েকজন সৌদি কূটনীতিবিদ ছিল বলে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়।
এ দিকে, মিশরের শার্ম আস-শেইখে চলতি মাসের ২৮,২৯ তারিখ ২৬তম আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে হাদি ইয়েমেনের প্রতিনিধিত্ব করবেন বলে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে।
দেশটির বিপ্লবী আনসারুল্লাহ বাহিনী রাজধানী সানার প্রেসিডেন্ট প্রাসাদ দখল করার পর গত জানুয়ারি মাসে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান। মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রী খালেদ বাহা পদত্যাগ করার কিছুক্ষণ পরই প্রেসিডেন্ট মানসুর হাদি ক্ষমতা ছাড়েন। তিনি ইয়েমেনের জাতীয় সংসদের কাছে পদত্যাগপত্র জমা দেন।
ইআর





